ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
আবুল হাসেম আসাদ মাস্টারের সভাপতিত্বে এবং খোকন ভূঁইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খা, ইয়াসিন মেম্বার, হাজি মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার, মিজানুর রহমান বাদলসহ বাসুদেব ইউনিয়নের ১৬টি গ্রামের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রায় দেড়শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ স্থানীয় জনগণের মতামত ছাড়াই নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউনিয়নবাসী জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদ সংশোধনসহ নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়বেন।
তারা আরো বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য, প্রশাসনিক সুবিধা ও জনস্বার্থ বিবেচনায় বাসুদেব ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের অবস্থায় বহাল রাখাই এলাকাবাসীর প্রত্যাশা। একইসঙ্গে আবেদনকারী কবির আহমেদ ভূঁইয়াকে এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জনগণের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে ভবিষ্যতে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









