কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানের সময় পালিয়ে গেছে অভিযুক্ত মাদক কারবারি।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ৪ এপ্রিল ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে আসা ইয়াবার একটি বড় চালান সমিতিপাড়ার বাসিন্দা নবাব মিয়ার বাড়িতে মজুদ করা হয়েছে। পরে ভোরে র্যাবের একটি আভিযানিক দল সমিতিপাড়ার বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যায় নবাব মিয়া (৩০)।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে রান্নাঘরের উত্তর-পূর্ব কোণ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ৩০০টি ছোট বায়ুরোধক নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় সাড়ে ৫ কেজি।
র্যাব জানায়, পলাতক নবাব মিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা৷


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









