বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে থানার পুলিশ একটি থ্রি হুইলার গ্যারাজ থেকে জালাল কাজী (৫০) নামের গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
নিহত জালাল পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর ধরে জালাল তার গ্যারাজ পরিচালনা করছিল। স্থানীয়রা জানিয়েছেন, তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং গ্যারাজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন।
গত কয়েকদিন ধরে গ্যারাজটি বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গ্যারাজের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই কামাল কাজী জানান, সম্প্রতি জালাল ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, রাতে গ্যারাজেই থাকতেন। তিনি বলেন, গত তিনদিন আগে বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছিল। সে কিছুটা অসুস্থ ছিল।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, গ্যারাজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে শোক এবং উদ্বেগ বিরাজ করছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









