বাগেরহাটের কচুয়ায় স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও বর্জ্র ব্যবস্থাপনা লাইসেন্সের মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশে কার্যক্রম পরিচালনা করায় জয় ডায়গনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার সাইনবোর্ড বাজারের ওই প্রতিষ্ঠান সিলগালার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার। একই সাথে ডায়গনস্টিক সেন্টারের মালিক জয় সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকার পাইকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জয় ডায়াগনস্টিক সেন্টার নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাইনবোর্ড বাজার এলাকায় ব্যবসা করছে। তবে তাদের বিরুদ্ধে নামে মাত্র পরীক্ষা-নিরীক্ষা করাসহ নানা অভিযোগ রয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকার পাইক বলেন, “দীর্ঘদিন ধরে জয় জীবন রক্ষাকারী পরীক্ষা করে আসছিল। তবে তাদের স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বর্জ্র ব্যবস্থাপনাসহ অন্যান্য লাইসেন্সের মেয়াদ নেই। তার উপরে পরিবেশও নোংরা। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা তার কাগজপত্রগুলো নিয়েছি।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার বলেন, “মেয়াদউত্তীর্ণ লাইসেন্স ও নোংরা পরিবেশের কারণে জয় ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। ডায়গনস্টিকের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









