পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ আটক সুজন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে। তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বাউফল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান ও রবিন খাবারের জন্য হাসপাতাল এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সুজন একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।
পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। স্থানীয় এক চা-দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুজন ছিল, যারা আগে সেখান থেকে চলে যায়। পরে সুজন একা সেখানে চা ও সিগারেট খাচ্ছিল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









