পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৫০০ জন কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। উদ্বোধন শেষে প্রধান অতিথি নিজ হাতে কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমদ সোহেল মনজুর বলেন, কৃষকদের উন্নয়ন ও দেশের অগ্রগতির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের পর এবার কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার প্রতিশ্রুতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জানা গেছে, কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষামূলকভাবে (প্রি-পাইলটিং) দেশের কয়েকটি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে নেছারাবাদ উপজেলায় প্রথম ধাপে ৫০০ জন কৃষককে এ কার্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেছারাবাদে পর্যায়ক্রমে মোট ৩,০৫৫ জন কৃষক-কৃষাণীকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মধ্যে ২,০৬৫ জন পুরুষ এবং ৯৯০ জন নারী রয়েছেন। কৃষকদের ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড়, এই পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। বিশেষ করে কৃষি অধ্যুষিত বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ব্লকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এদিকে, দেশের নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে নেছারাবাদকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় কৃষক, কৃষাণী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। পাশাপাশি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









