জাতীয় সংসদে রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও বঞ্চনার চিত্র তুলে ধরে বালু নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ দ্রুত শেষ করার জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে দিপু ভূঁইয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাকে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য রূপগঞ্জবাসীর প্রতিও ধন্যবাদ জানান।
বক্তব্যে তিনি বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী রূপগঞ্জবাসীকে বালু নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর কাজ থেমে আছে।
এমপি অভিযোগ করেন, অজ্ঞাত কারণে এবং বিভিন্ন মহলের প্রভাবের ফলে সেতুটির কাজ স্থগিত রাখা হয়েছে। ফলে স্থানীয় মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থমকে আছে।
তিনি আরও বলেন, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাতায়াতে সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি রূপগঞ্জসহ আশপাশের এলাকার লাখো মানুষ সরাসরি উপকৃত হবেন এবং আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের জোর দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









