মানিকগঞ্জের সিংগাইরে কোনো পূর্বঘোষণা আনুষ্ঠানিক প্রস্তুতি বা প্রটোকল ছাড়াই হঠাৎ করে এসএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আকস্মিক এই সফরে কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় কৌতূহল ও কিছুটা অপ্রস্তুত পরিস্থিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং সাহরাইল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
শিক্ষামন্ত্রী পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে পরীক্ষার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং নকল প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
স্থানীয় প্রশাসন জানায়, শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা হয়েছিল। ফলে পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ বুঝতে পারেননি।
অভিভাবকদের একাংশ শিক্ষামন্ত্রীর হঠাৎ কেন্দ্র পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এমন আকস্মিক পরিদর্শন হলে পরীক্ষার স্বচ্ছতা আরও নিশ্চিত হবে।
পরিদর্শনের সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









