গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল বাজার জামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গোপন বৈঠকের মাধ্যমে রাতের আঁধারে কমিটি গঠনের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের পর বালু নদীর পাড়ে একটি চা দোকানে গোপন বৈঠকের মাধ্যমে বিএনপির কয়েকজন নেতা মসজিদের একটি কমিটি গঠন করেন। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে বিতর্কিত ও পূর্বে সমালোচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি—কমিটি গঠনের আগে তাদের কোনো মতামত নেওয়া হয়নি। হঠাৎ করে গোপনে কমিটি ঘোষণা করায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
অভিযোগে উঠে এসেছে, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার দেওয়ান, সাধারণ সম্পাদক আল আমিন এবং যুবদল নেতা পনির হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “বাজার কমিটির আহ্বায়ক হিসেবে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
তবে তার এই বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, “রাতের আঁধারে গোপনে কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি করায় আমরা ক্ষুব্ধ।”
এদিকে ক্ষুব্ধ মুসল্লি ও ব্যবসায়ীরা হারুন অর রশিদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিবাদের মুখে তিনি এলাকা ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরিস্থিতি শান্ত করতে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে ঘোষণা দিয়ে জানানো হয়, আগামী বুধবার জোহরের নামাজের পর সকল মুসল্লির উপস্থিতিতে উন্মুক্তভাবে নতুন কমিটি গঠন করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর স্থানে স্বচ্ছতা ও সকলের অংশগ্রহণ নিশ্চিত না করে কমিটি গঠন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









