মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “অপরাধীর কোনো রঙ নেই—অপরাধী শুধু অপরাধী। সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”
তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধের তথ্য গোপন না করে দ্রুত প্রশাসনকে জানানো নাগরিক হিসেবে সবার দায়িত্ব। সবাই সচেতন ও সহযোগিতাপূর্ণ হলে সমাজে অপরাধের মাত্রা কমে আসবে।”
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও খেলার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসএসিপি-আরএআইএনএস প্রকল্পের মাধ্যমে ৫৪০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও রাসায়নিক সার এবং ৪০ জন কৃষকের মাঝে মুগডালের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, “মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।”
তিনি বিজ্ঞান মেলায় নতুন নতুন উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান শিক্ষার্থীরা উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে একদিন বড় বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









