ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে ঘাট এলাকায় শত শত মানুষের ভিড় জমে এবং নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস পদ্মা নদীতে হাজারি বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এ সময় বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে তারা সেটিকে উদ্ধার করে ঘাট পাড়ে নিয়ে আসেন।
জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি কুমির দেখা গেছে, যেগুলো আকারে আরও বড় বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বিগ্ন হয়ে পরেছে।
স্বপন বেপারী বলেন, “বড়শিতে আটকা পড়ার পর দ্রুত কুমিরটিকে উদ্ধার করে ঘাট এলাকায় নিয়ে আসা হয় এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করা হয়েছে।”
ঘটনার বিষয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক কাজী রিপন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়, যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “বিষয়টি অবগত হওয়ার পর বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









