জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে জেলে শামীম (৩৮) ও সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক দুই স্থানে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার বাসিন্দা শামীম, মরহুম হাজী মোহাম্মদ আলী মেম্বারের কনিষ্ঠ পুত্র। তিনি এক কন্যা সন্তানের পিতা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে শামীম আরও কয়েকজন জেলের সঙ্গে নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা নদীতে জাল ভাসতে দেখে কাছে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।
অন্যদিকে, একই দিনে সাপধরি ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বজ্রপাতে সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মৌসুমের শুরুতেই বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে কর্মরত মানুষজন চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে নদী, মাঠ ও নির্মাণস্থলে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য ঝুঁকি আরও বেশি। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
দুইটি মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









