বরিশালের বানারীপাড়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর বিশাল গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের তৈরি বসতঘরের ওপর একটি বৃহৎ চাম্বুল গাছ উপড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। ঘরের ভেতরে থাকা তার স্ত্রী ইয়াসমিন গাছচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার শিশু ছেলে জিসান গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত জিসানকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট খাদ্যসামগ্রী এবং দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরও সহায়তা প্রদান করা হবে।
এ ঘটনায় পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোকের ছায়া।
উল্লেখ্য, একই কালবৈশাখী ঝড়ে চাখার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সহায়তার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









