নীলফামারীর সৈয়দপুর ট্রাস্ট ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র আওতায় মাসব্যাপী উদ্যোক্তা কর্মশালা শেষ হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। কর্মশালা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক।
‘উদ্যোক্তা হব, দেশ গড়বো’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ওই কর্মশালা শুরু হয় গত এপ্রিল মাসের ৬ তারিখে। এতে সৈয়দপুরসহ এ অঞ্চলের ১৭ জন নারী ও ৮ জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হোসনে আরা শেখ, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ফাইন্যান্স) মো. আইয়ুব আলী, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অফ বিজনেস) মো. মাহবুব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসএমই ডিভিশন) সাদাত আহমেদ খান ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি সিদ্দিকুল আলম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল মো.
শামসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হোসনে আরা শেখ বলেন, সৈয়দপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা বেশ উৎসাহিত। তারা দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছেন। যা ইতিবাচক। আমরা মনে করছি মাসব্যাপী এ কর্মশালাটি উদ্যোক্তাদের মনন বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মশালা শেষে এ অঞ্চলের উদ্যোক্তারা তাদের পণ্যের প্রদর্শনী করেন। অতিথিরা তা ঘুরে ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









