সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত একজন যাত্রীর পরিচয় জানা গেছে। তিনি হলেন, জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে নিহত সিএনজি চালকসহ বাকিদের নাম এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের পথে ছিল বাস রিফাত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬৯) একটি বাস। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি (ইন্নী পরিবহন-১)।
পরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে সিএনজিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে ছিটকে পড়ে। এসময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে উল্টে যায়।
বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। সেখানে থাকা আরও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘‘যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









