পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে উত্তেজনা তৈরি হয়। এ সময় বিজেপির কর্মী-সমর্থকরা তার গাড়ি লক্ষ্য করে চোর চোর’ স্লোগান দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে, গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের জমায়েত নিয়ে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি। পুলিশ তৃণমূল কর্মীদের এলাকা ছাড়তে বললে তার কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিশাল মিছিল নিয়ে হাজির হন বিজেপি সমর্থকরা। এরপরই পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় চেয়ার ভাঙচুর এবং একে অপরকে লক্ষ্য করে ইট নিক্ষেপের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, জগদীশচন্দ্র বোস কলেজের সামনেও ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কলেজের ভেতরে তৃণমূল সমর্থকেরা অবস্থান করলেও বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীদের মহড়া দিতে দেখা যায়।
এদিকে ভবানীপুর আসনে ভোটগণনা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মমতা ও শুভেন্দুর মোবাইল নিয়ে নিতে বলল কমিশন
ভোটগণনার টানটান উত্তেজনার মাঝেই সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিয়মানুযায়ী গণনাকেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জমা নেয়ার নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, ইতোমধ্যেই তাদের দুজনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, ওই একই গণনাকেন্দ্রে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেয়া হয়। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী প্রার্থী বা তার নির্ধারিত এজেন্ট ছাড়া অন্য কারও গণনাকেন্দ্রে থাকার অনুমতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী না হওয়ায় তাকে এই নির্দেশ দেয়া হয়।
সাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুর আসনের ভোটগণনা চলছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









