পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে ওই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর গরমআলী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার।
ভুক্তভোগী মোসাম্মদ শারমিন আক্তার স্থানীয় খারিজমা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং দিনমজুর শামীম আকনের মেয়ে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ মে) সকালে শামীম আকন কাজের প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা বাউফলে অবস্থানকালে প্রতিবেশী রুস্তম মিয়া ও তার তিন ছেলে— শাহিন, নাঈম ও ইয়াসিনসহ ১০-১২ জন লোক তাদের বাড়ির পাশের গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা চালায়।
বাড়ির নারী সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় শারমিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে হুমকি দেয়।
শারমিনের বাবা শামীম আকন আক্ষেপ করে বলেন,"ওরা আমার মেয়েকে লক্ষ্য করে বলেছে— 'কোন স্কুলে পড়ে, কোন পথ দিয়ে যাতায়াত করে খেয়াল রাখো, বাকিটা পরে দেখা যাবে।' এরপর থেকে আমার মেয়ে ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কয়েক বছর আগে সালিশের মাধ্যমে জমিটি আমাদের বুঝিয়ে দেওয়া হলেও তারা এখন জোরপূর্বক দখলের চেষ্টা করছে।"
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলে, "আমি ভিডিও করতে গেলে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এখন আমি স্কুলে যেতে ভয় পাচ্ছি। আমার কোনো ক্ষতি হলে তার দায় কে নেবে? আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার চাই।"
স্থানীয় মসজিদের ইমাম শহিদুল ইসলাম জানান, কাশেম আকন ও তার পরিবার শান্ত প্রকৃতির। রুস্তম মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ দীর্ঘদিনের এবং ইতিপূর্বে সেখানে মারধরের ঘটনাও ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি।
তবে অভিযুক্ত রুস্তম মিয়া হুমকি ও মারধরের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, "তারা আমাদের কেনা জমি বুঝিয়ে দিচ্ছে না বলেই আমরা দখল নিয়েছি। কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি।"
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









