দিনাজপুরের বিরামপুর উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে কেমিকেল দিয়ে রঙ্গিন করা অপরিপক্ক লিচু। এই লিচু খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১২ মে) বিরামপুরে হাটে কয়েকজন বিক্রেতার হাঁক-ডাকে দেখা গেছে তাদের দোকানে অপুষ্ট লিচু।
মৌসুম শুরুর আগেই বাজারে লিচু দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। ৫০টি করে আঁটি বাঁধা অপুষ্ট ও কাঁচা লিচু বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা দরে।
ক্রেতারা বলেন, এসব লিচু কেমিকেল দিয়ে পাকানো হয়েছে। বেশি লাভের আশায় বিক্রেতারা অপুষ্ট ও অপরিপক্ক লিচু সংগ্রহ করে তাতে কেমিকেল মিশিয়ে আকর্ষনীয় করে তুলছেন।
ক্রেতা সেলিম হোসেন বলেন, “স্বাদহীন এ লিচু মুখে দিয়ে ফেলতে বাধ্য হয়েছি।”
উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে, বোম্বাই ও মাদ্রাজী লিচুর মৌসুম শুরু হবে মে মাসের শেষ দিকে। আর বেদেনা ও চায়না-৩ জাতের লিচু উঠবে জুন মাসে। তার আগে বাজারে যে লিচু আসছে সেগুলো কেমিকেল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু।
উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন,“কেমিকেল মিশ্রিত এই লিচু খেলে লিভার-কিডনির মারাত্মক ক্ষতি ও পেটের পীড়া দেখা দিতে পারে। আর দীর্ঘ মেয়াদে এটি ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করতে পারে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









