বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. সাইফুন নাহার। জুলাই ২০২৬ থেকে দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ জুলাই অনুষ্ঠিত কাউন্সিল সভার সিদ্ধান্তের পর ১৮ আগস্ট অধ্যাপক ডা. সাইফুন নাহারকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে তার মনোনয়নের বিষয়টি জানায় বিসিপিএস কর্তৃপক্ষ।
অধ্যাপক ডা. সাইফুন নাহার বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বের পাশাপাশি এবার বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাবেন তিনি।
বিসিপিএস কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়, ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রিতে অধ্যাপক ডা. সাইফুন নাহারের সক্রিয় ভূমিকা প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধিতে সহায়ক হবে।
মনোরোগ চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ডা. সাইফুন নাহার দেশের মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
বিসিপিএসের নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাইকিয়াট্রিতে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবার বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









