বিয়ের দীর্ঘ পথচলার পর আলাদা হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি। প্রায় ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেও, তাঁদের সম্পর্ক যে তিক্ততায় ভাঙেনি—সেটাই এবার স্পষ্ট করলেন মাহি।
চলতি বছরের শুরুতে বিচ্ছেদের খবর সামনে এলেও, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাহি জানান—স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হলেও তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। এখন জয় তাঁর অন্যতম কাছের বন্ধু।
মাহি আরও জানান, তাঁদের মধ্যে কোনও ধরনের মনোমালিন্য বা তিক্ততা নেই। শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও আগের মতোই সুসম্পর্ক বজায় রয়েছে। এখনও মাহির বাবা জয়ের বাড়িতে যান, একসঙ্গে সময় কাটান এবং পারিবারিক সম্পর্ক আগের মতোই স্বাভাবিক রয়েছে।
এই তারকা দম্পতি ২০১৭ সালে দুই সন্তান—খুশি ও রাজবীরকে দত্তক নেন। পরে ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান তারা জন্ম নেয়। বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গেই থাকলেও, সন্তানের জীবনে বাবার উপস্থিতি বজায় রাখতে দুজনেই সচেষ্ট বলে জানিয়েছেন মাহি।
বিচ্ছেদের কঠিন সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিচ্ছেদের সময় চেয়েছিলাম কেউ যেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করেন। সময় কারও সব সময় ভাল যায় না। কঠিন সময়ে আমি পরিবারকে পাশে পেয়েছি। এমন সময়ে আমার বাবা যেভাবে আমার পাশে ছিলেন, সেটা অনেক বড় পাওয়া।’
মাহির ভাষায়, অনেকেই বিচ্ছেদের পর প্রাক্তন দম্পতির মধ্যে কাদা ছোড়াছুড়ি দেখতে চান। কিন্তু তাঁদের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি। বরং সন্তানের স্বার্থে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে তাঁরা সম্পর্ককে ইতিবাচক রেখেছেন।
মাহী বলেন, ‘বিচ্ছেদের পরে জয় আমার প্রিয় বন্ধু হয়ে উঠতে পেরেছে। আমরা একটা পরিবারের মতো একে অপরের সঙ্গে জুড়ে থাকি প্রতিটা সময়। আমার বাবা ওর বাড়ি যান, একসঙ্গে চা খান ওরা। সবার সঙ্গে সবার সুসম্পর্ক রয়েছে।’
উল্লেখ্য, এক বন্ধুর পার্টিতে প্রথম পরিচয় হয়েছিল জয় ও মাহির। পরে আবার দেখা হওয়ার পর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর মাহিকে বিয়ের প্রস্তাব দেন জয়। এরপর গোপনে বিয়ে সারেন এই তারকা জুটি। দীর্ঘ দাম্পত্যের পর তাদের পথ আলাদা হলেও, বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক অটুট রাখতে চান তারা। সূত্র: আনন্দবাজার অনলাইন ও আজকাল ডটইন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









