অবশেষে নিজের মুখেই মাতৃত্বের সুখবর জানালেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
এনডিটিভি জানিয়েছে, তার নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে সামান্থা বলেন, তার বর্তমান শারীরিক অবস্থার কারণে মাতৃত্বকালীন বিরতি নেবেন তিনি। তবে ছুটিতে যাওয়ার আগে হাতের কাজগুলো শেষ করবেন। পরে নতুন কোনো সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরবেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার ‘বেবি বাম্প’ দেখা গেছে বলে অনেকে দাবি করেন। পরে তার ঘনিষ্ঠ সূত্রও সংবাদমাধ্যমকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করে বলে জানা যায়।
গত বছরের ১ ডিসেম্বর তিনি ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ কাজের সময় থেকেই তাদের পরিচয় ও সম্পর্কের শুরু। পরে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়।
সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ সিনেমায়, যার পরিচালক নন্দিনী রেড্ডি। পারিবারিক অ্যাকশন–কমেডি ঘরানার এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি।
এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সামান্থা। সেই সংসার টিকে ছিল চার বছর।
২০২২ সালে তিনি জানান, তিনি মায়োসাইটিস নামের একটি অটোইমিউন রোগে আক্রান্ত। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামে ছিলেন এবং পরে ধীরে ধীরে কাজে ফেরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









