ভারতীয়-আমেরিকান গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্ট শেষে ভক্তদের ভিড়ের মধ্যে অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে অনুষ্ঠিত একটি কনসার্টের পর ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান শেষে ভক্তদের শুভেচ্ছা জানাতে এবং তাদের দেওয়া ফুল গ্রহণ করতে মঞ্চ থেকে নিচে নামেন জেসমিন। এ সময় কয়েকজন ভক্ত তাঁর হাত ধরে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। তিনি নিচু হয়ে ভক্তদের সঙ্গে কথা বলার সময় চারপাশে ভিড় আরও বেড়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ‘ধুরন্ধর’ ছবির এই গায়িকার ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করে তাঁকে স্পর্শ করার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেসমিনের নিরাপত্তাকর্মীরা বারবার ভক্তদের পেছনে সরে যাওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে জেসমিন নিজেও সবাইকে দূরে দাঁড়াতে বলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন লিখেছেন, ‘একজন শিল্পীকে ফুল দেওয়ার নামে তাঁর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘ভক্ত হওয়া মানে শিল্পীকে অনুমতি ছাড়া স্পর্শ করার অধিকার পাওয়া নয়।’
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জেসমিন স্যান্ডলাস বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার একাধিক গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন জেসমিন স্যান্ডলাস। এর আগে ‘কিক’ ছবির ‘ইয়ার না মিলে’ এবং ‘মুঞ্জ্যা’ সিনেমার ‘তারাস’ গানেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই নিজের বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন জেসমিন। বর্তমানে তিনি ভারতের বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









