শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ৫ নভেম্বর অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, অ্যাপোনিয়ার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটি পরিধান করে পেজটির প্রচারে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিশা।
বাদীপক্ষের অভিযোগ, শাড়িটি নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিশা সেটি পরে প্রচারে অংশ নেননি এবং দীর্ঘদিন পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেননি। এতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়।
পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








