পোস্টারের পর এবার প্রকাশ্যে এসেছে চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’-এর টিজার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের ফেসবুক আইডিতে টিজারটি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই চিত্রনায়ক।
এর আগে জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিকারি’ গানের একটি পোস্টার প্রকাশ করেছিলেন জায়েদ খান। পোস্টারে তার মুখের দিকে কয়েকজন তরুণীকে হাত বাড়িয়ে থাকতে দেখা যায়। বড় অক্ষরে লেখা ছিল—‘শিকারি’। এরপর কাজটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি অন্য কোনো আয়োজন, তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা কৌতূহল।
পরবর্তী পোস্টারে বিষয়টি কিছুটা স্পষ্ট হয়। সেখানে রাজকীয় একটি চেয়ারে বসা জায়েদ খানকে ঘিরে তিন নারীকে দেখা যায়। পেছনে ছিল নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। পোস্টারে লেখা ছিল ‘শিকারি’ ও ‘কামিং সুন’।
পোস্টারের তথ্য অনুযায়ী, ‘শিকারি’ একটি মিউজিক ভিডিও। এতে শিল্পী হিসেবে রয়েছেন সজীব ও রিমি। গানটির পরিচালনায় রয়েছেন বদরুদ্দুয়া সাগর।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন জায়েদ খানের ভক্তরা। অনেকেই কাজটির প্রশংসা করে পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষার কথা জানিয়েছেন।
প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মঞ্চ পরিবেশনায় দেখা গেছে তাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









