সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য ও কুসংস্কার দূর করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলার লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী ও তরুণদের জীবনে জেন্ডারভিত্তিক নেতিবাচক ধারণার প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দলীয় আলোচনা, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈষম্যের কারণ ও তা মোকাবিলার উপায় তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া ও সাংবাদিক ইউসুফ আহমেদ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে লিঙ্গবৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকেরা জানান, নারী ও তরুণদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সচেতনতা বাড়াতে ‘সমতায় তারুণ’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









