সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে ডেকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ও শিরশ্ছেদের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে সৌদি আরবের কাছে চিঠি পাঠিয়ে তথ্য চাওয়া হয়েছে। ঘটনাটিকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাদের বিষয়ে রায় দেন বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি।
তিনি আরও জানান, দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।
উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









