অভিনয় দক্ষতা নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার দাবি, বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের দিক থেকে তাঁর চেয়ে এগিয়ে কেউ নেই। বরং সমসাময়িক অভিনেতাদের কেউ তাঁর সমকক্ষ, আবার কেউ কিছুটা পিছিয়ে রয়েছেন বলে মনে করেন তিনি।
টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিককে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে, যাদের অভিনয় তার চেয়ে ভালো এবং যাদের দেখে তার হিংসা হয়। উত্তরে এক মুহূর্তও দেরি না করে অভিনেতা বলেন, বর্তমান সময়ে তার চেয়ে এগিয়ে কেউ নেই।
অতীতের অভিনেতাদের মধ্যে কাদের অভিনয় তার ভালো লাগে, এমন প্রশ্নের জবাবে ঋত্বিক চক্রবর্তী নাম উল্লেখ করেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জির।
বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেতা। তার মতে, ইন্ডাস্ট্রিতে প্রচলিত বাণিজ্যিক ছবির সংখ্যা কমে আসার সঙ্গে সঙ্গে তারকাদের চেয়ে দক্ষ অভিনেতাদের প্রয়োজনীয়তা বাড়ছে।
ঋত্বিক বলেন, প্রচলিত ধারার বাণিজ্যিক সিনেমা আগের মতো তৈরি হচ্ছে না। তার মতে, এ পরিস্থিতি থেকে বোঝা যায়, চলচ্চিত্র নির্মাণে ভালো অভিনেতাদের গুরুত্ব অপরিহার্য। যোগ্য অভিনেতা খুঁজে বের করতে না পারলে তা গোটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর হবে।
সম্প্রতি সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন ঋত্বিক। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এতে একজন উগ্রপন্থীর চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









