সিলেটের জকিগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে বিয়ে করেছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









