বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারের নাম আলোচনায় এগিয়ে রয়েছে। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক হিসেবে সোবহানা মোস্তারিকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান সেমিফাইনালেই শেষ হওয়ার পর জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই তিনি নিজ থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান।
তবে নতুন অধিনায়কের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নেতৃত্বের দৌড়ে অভিজ্ঞ ক্রিকেটার নাহিদা আক্তার এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করে আলোচনায় আসেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
ক্রিকবাজকে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, নিগার সুলতানার বিকল্প খুঁজে বের করা সহজ নয়। তবে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। সংক্ষিপ্ত সংস্করণে বর্তমান অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
এ ছাড়া নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনায় ছিলেন রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার।
আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারী দলের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। সে কারণে দ্রুত নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিবি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নাহিদা আক্তারের অধিনায়ক হওয়া এবং সোবহানা মোস্তারির সহ-অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









