ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ে হাইকোর্টের দেওয়া নির্দেশের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা বকেয়া কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ‘দ্রুত আদায়ের’ অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।
এর আগে গত ১২ অক্টোবর পাঁচ করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।
সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা রিট আবেদন দুটি খারিজ করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









