সিলেটের জকিগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে বিয়ে করেছিলেন তিনি। নতুন সংসার শুরুর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এদিনকে জানান, দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









