চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে নজরকাড়া রূপে হাজির হয়েছেন অভিনেত্রী পরীমনি। তার এই বিশেষ সাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মুগ্ধ করছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। এতে তাকে লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় বড় ফুলের মালা ও শরীরভর্তি গয়না পরা অবস্থায় দেখা যায়। তার হাতে ছিল পদ্মফুল।
দুর্গাপূজার আবহে করা বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীমনির এমন সাজ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরাও। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য একজন মন্তব্য করেছেন, কয়েক দিন আগে পরীমনিকে দুর্গার সাজে দেখার ইচ্ছা হয়েছিল, এবার সেই সাজ দেখে ভালো লাগছে।
ভিডিওটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া ৩৭ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্য পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি ভিডিওটির ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখে পৌঁছায় এবং শত শতবার শেয়ার হয়।
এদিকে অভিনয়ে পরীমনির হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’। এতে তার সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং হয়েছে। তবে এটি মুক্তির বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









