পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে ডিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরঘোষপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচরের রামনারায়ণপুর এলাকার জলিল মণ্ডল (২৮) ও মিরপুর এলাকার বাবলু মণ্ডল (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









