বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করছিলেন জামাল ও সোহাগ। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করার সময় দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









