শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও মাদকসেবীদের উৎপাত ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের আওতায় রেলস্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। বিশেষ করে পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাওয়া এবং ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি মাদকসেবীদের উৎপাত বন্ধে নজর দেওয়া হচ্ছে।
এসআরবি-৩ সূত্রে জানা গেছে, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা জানান, উৎসবের ছুটিতে রেলস্টেশনে যাত্রীদের চাপ বাড়ায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীরা যাতে হয়রানি ও নিরাপত্তাঝুঁকি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছেন ব্যাটালিয়নের সদস্যরা।
রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৩।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









