তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক মাধ্যমে লাইভে এসেও ঘটনাটি জানিয়েছেন সামিয়া। কাঁদতে কাঁদতে তিনি জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।
এরপর গতকাল ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি তিশাকে কিছু বলেননি।
এদিকে মনিটরে তিশার কাণ্ড দেখে হতবাক হন রিংকু, মীর রাব্বী ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সেলিম অথৈয়ের কাছে জানতে চান তিশার এমন আচরণের কারণ। আগে থেকে কোনো দ্বন্দ্ব আছে কি না, সে বিষয়েও প্রশ্ন করেন।

সে সময় সামিয়া অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ থেকে বিরত থাকতে তাঁকে ফোন করে হুমকি দিয়েছিলেন তিশা। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেও ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা।
অথৈ জানান, কারণ জানতে চাইলে তিশা দাবি করেন, ফারহান তাঁর ‘জামাই’। অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং তাঁর সঙ্গে কাজ থেকে বিরত থাকেন। পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সামিয়া অথৈ।
লাইভের ক্যাপশনে অথৈ লিখেছেন, ‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।’
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে তানজিন তিশাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্যদিকে রাফাত মজুমদার রিংকুর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









