সাধারণত দুর্গাপূজার প্রতিটি তিথি এক দিন করে পালিত হলেও এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী।
বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে শনিবারের পর রবিবার (১৮ অক্টোবর) সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি থাকায় এদিনও দেশজুড়ে মহাসপ্তমীর পূজা ও অন্যান্য আচার চলছে। সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, তিথি দীর্ঘ হওয়ায় এবার সপ্তমী দুই দিনে পড়েছে। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি থাকায় এদিনও সপ্তমীর পূজা হবে।
মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা শনিবার সকালে শুরু হয়। ভোরে নবপত্রিকা বা কলাবউ স্নানের পর তা দেবী দুর্গার প্রতিমার পাশে স্থাপন করা হয়। এরপর পূজা, অঞ্জলি, ভোগ ও আরতির আয়োজন করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে দিনভর ভক্তদের সমাগম ছিল।
মহাসপ্তমীর নবপত্রিকায় কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান—এই নয় ধরনের উদ্ভিদ ব্যবহার করা হয়। শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এগুলোকে দেবীর বিভিন্ন রূপের প্রতীক হিসেবে পূজা করা হয়।
ঢাকা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ জানান, সপ্তমীর পূজায় দেশ ও বিশ্বের সব মানুষের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করে প্রার্থনা করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে মণ্ডপ রয়েছে ২৫৮টি।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবে সোমবার পালিত হবে মহাষ্টমী এবং মঙ্গলবার মহানবমী। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









