যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ৬ ঘণ্টার কমান্ডো অভিযানে ইংলিশ চ্যানেল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’র একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।
রবিবার (১৪ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা এই অভিযান চালিয়ে তেলের ট্যাংকারটি আটক করেন। ‘স্মির্টোস’ নামের ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল। যুক্তরাজ্যের নেতৃত্বে এ প্রথম রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হলো।
ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে ডরসেট উপকূলে সমুদ্রতীরবর্তী শহর ওয়েমাউথের কাছে নোঙর করে রাখা আছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ট্যাংকারটিতে পরিবেশগত বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো উদ্বেগ তৈরি হয়েছে কি না, তা আগে পর্যবেক্ষণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘‘তিনি সশস্ত্র বাহিনীকে তেলবাহী ট্যাংকারটি ইংলিশ চ্যানেলে প্রবেশের চেষ্টা করার সময় আটক করার নির্দেশ দিয়েছেন।’’
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘‘এ সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। যারা ইউক্রেনে পুতিনের যুদ্ধকে অর্থায়ন করছে, তাদের মনে করিয়ে দেওয়া যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না। আমি এ অভিযানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের, যাঁরা বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা এই দেশকে নিরাপদ রাখেন।’’
সূত্র: দ্য গার্ডিয়ান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









