আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানায়।
এতে জানানো হয়, বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ-এ দায়িত্ব পালনরত একটি সি হক হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এ ঘটনার সঙ্গে কোনো শত্রুপক্ষের হামলা বা আক্রমণের সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া তিনজন ক্রুকে দ্রুত রণতরীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসা ও পর্যবেক্ষণে আছেন।
অন্যদিকে, নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই এলাকায় নৌবাহিনীর একাধিক ইউনিট একযোগে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। পাশাপাশি কী কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছিল, তা নির্ধারণে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না।
উল্লেখ্য, গত জুন মাসে হরমুজ প্রণালীতে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সাগরে পড়ে যায়। তবে ওই ঘটনায় পাইলট দুর্ঘটনার আগেই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









