ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শুক্রবার (৩ জুলাই) ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সুনামিরও কোনো আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৩১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









