ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং পার্শ্ববর্তী কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের হামলার কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
তাসনিমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের অন্তত তিন থেকে পাঁচটি স্থানে হামলা হয়েছে।
সাম্প্রতিক কয়েকদিন ধরেই বন্দর আব্বাস ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার খবর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে, তাসনিমের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে দ্বীপে অবস্থানরত তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানানো হয়, এ বিষয়ে এখনো নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে একজন সেনাসদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না।
শনিবার সেন্টকম জানায়, হামলায় আহত চার মার্কিন সেনাকে দ্রুত উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন। এছাড়া সামান্য আহত অন্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









