দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ চেষ্টা চালালেও অনেকে সড়কে বসে অবস্থান নেন। দলটির দাবি, সংসদ ভবন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভস্থলের আশপাশের এলাকায় সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে। ফলে মোবাইল ও ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটছে।

এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন হওয়ায় দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কয়েকজনকে আটক করেছে বলেও জানা গেছে।
এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, সংসদ ভবন অভিমুখে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন।
পরে সেখান থেকে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









