পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে রবিবার (২০ সেপ্টেম্বর) তার লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে। এরআগে এই গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।
পিটিআইয়ের পাঞ্জাব শাখার এক মুখপাত্র গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। লাহোরের জেলা প্রশাসনের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রশাসন জানায়, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তিনি কোনো জনসমাগমের জায়গায় থাকলে জনসাধারণের নিরাপত্তার জন্য তা গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই আগামী সপ্তাহে ইসলামাবাদে মিছিলের আয়োজন করেছে।
শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, “এই মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সবকিছুই করবে।”
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এই গ্রেপ্তারকে চরম ঘৃণ্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “২৭ তারিখের মিছিলের ভয় যে সরকারকে চেপে ধরেছে, তা স্পষ্ট।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









