আকাশপথে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দরে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় এফএএ। সংস্থাটি জানায়, ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ দেশজুড়ে সব উড্ডয়নকারী ফ্লাইটকে সাময়িকভাবে মাটিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশের ফলে বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। অনেক ফ্লাইট বাতিল করা হয়, আবার অসংখ্য ফ্লাইটের সময়সূচিতে দেখা দেয় বড় ধরনের বিপর্যয়। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে নিরাপদে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন জানান, প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। এটি টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটিজনিত সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউইয়র্ক, বোস্টন, শিকাগো থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলসহ বিভিন্ন শহরের বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে বিমানবন্দরগুলোতে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
এদিকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো প্রযুক্তি ও অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগব্যবস্থার দুর্বলতা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকট দেশটির বিমান চলাচলে সমস্যা তৈরি করছে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল অবকাঠামো আধুনিকায়নে আরও বড় বিনিয়োগের প্রয়োজনীয়তা সামনে এসেছে। হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ এ খাতে অতিরিক্ত ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
পরে প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফ্লাইট চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরও সময় লাগবে বলে জানান পরিবহনমন্ত্রী শন ডাফি। এ ঘটনায় এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








