শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যনির্বাহী কমিটি নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনেই গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রমের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত। ১০ নভেম্বর দৈনিক আমার দেশসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে কমল দত্ত বলেন, কমিটিতে ভারতীয় নাগরিক অন্তর্ভুক্তি এবং আশ্রমের অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগও ভিত্তিহীন।
তবে সংবাদ সম্মেলনে আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন নেতারা। এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তারা।
আশ্রমের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নেতারা। সংবাদ সম্মেলনে আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসভাপতি শংকর দেবনাথসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








