ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নিয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপও নতুন করে জনঅসন্তোষ বাড়াচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে সরকারি স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের ছোট ছোট প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিম্নমানের সরকারি সেবা এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হন।

গত ১৭ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। সেদিন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় দোকানপাট ও সরকারি স্থাপনা। কোথাও কোথাও গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। লুটপাটের শিকার হয় প্রায় তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের তথ্য অনুযায়ী, ওই দিন দেশজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় এক লাখ ১০ হাজার।
সরকারের পক্ষ থেকে সহিংসতার জন্য উগ্র বামপন্থি গোষ্ঠী ও সুযোগসন্ধানী দুষ্কৃতকারীদের দায়ী করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ নিয়ে এসব গোষ্ঠী সরকারি স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
তবে রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, সহিংসতা দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন তরুণ গুরুতর আহত হয়েছেন। কারও হাত উড়ে গেছে, কেউ হারিয়েছেন চোখের দৃষ্টিশক্তি।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা স্কুল অবরোধ ও বিক্ষোভের ঘটনায় প্রায় সাত হাজার অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, এসব গ্রেপ্তারের অনেক ক্ষেত্রে মাত্রাতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৭ অক্টোবরের ঘটনার পর থেকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার অভিযোগে ১৬১টি তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নজরদারি বিভাগ। তবে মন্ত্রণালয়ের দাবি, আইন ও বিধি মেনেই পুলিশ বলপ্রয়োগ করছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিন পুলিশ কর্মকর্তা ও একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতায় উগ্র বামপন্থি গোষ্ঠীগুলোর ভূমিকা কতটা ছিল, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে।
এদিকে ১৭ অক্টোবরের পর থেকে ৪ হাজার ৯০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন। তাঁদের মধ্যে ২ হাজার ২৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪০৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী বিক্ষোভগুলোতে ৭০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন এলাকায় কারফিউ জারি এবং একাধিক বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করা হয়। তবে এসব পদক্ষেপের পরও বিক্ষোভ পুরোপুরি থামেনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একদিকে জনগণের ক্ষোভের কথা শোনার আশ্বাস দিয়েছেন, অন্যদিকে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে সরকারি স্কুলের উন্নয়ন এবং ন্যূনতম মজুরি বাড়ানোর প্রস্তাব আন্দোলনকারীদের সন্তুষ্ট করতে পারেনি। শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন ম্যাক্রোঁ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দেশটির অর্থনৈতিক সংকট ও সরকারি ব্যয়ের সীমাবদ্ধতার কারণে আন্দোলনকারীদের সব দাবি পূরণ করাও সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে।
ফলে জীবনযাত্রার ব্যয়, সরকারি সেবার সংকট, পুলিশের ভূমিকা এবং সরকারের প্রতি আস্থাহীনতা—সব মিলিয়ে ফ্রান্সে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








