অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে কিশোরগঞ্জ শহরজুড়ে স্থাপন করা হচ্ছে ২৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সিসিটিভি ক্যামেরা। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া এ উদ্যোগে প্রতিটি ক্যামেরায় থাকছে মুখ শনাক্তকরণ ও রাতের অন্ধকারে স্পষ্ট ছবি ধারণের প্রযুক্তি। ইতোমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে এসব ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পুলিশ জানায়, চুরি, ছিনতাই, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির চলাচল ও ঘটনার আগের পরিস্থিতি শনাক্ত করা যাবে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ দমনেও এ প্রযুক্তি সহায়ক হবে।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে। তিনি নদীর পাড়ের সড়কগুলোও নজরদারির আওতায় আনার অনুরোধ জানান। এ উদ্যোগের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং ধীরে ধীরে অপরাধ কমে আসবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পর্যায়ক্রমে শহরের সব সড়ক ও বাসাবাড়ি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। উন্নত প্রযুক্তির এসব ক্যামেরার মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








