প্রায় তিন হাজার বছর পেরিয়ে গেছে। অসংখ্য আক্রমণ, যুদ্ধ ও লুণ্ঠন এই প্রাচীন ভূখণ্ডকে ক্ষতবিক্ষত করেছে। তবু প্রবেশদ্বারটি আজও দাঁড়িয়ে আছে। বরং আগের যেকোনো সময়ের চেয়ে আরও দৃঢ়ভাবে।
সব জাতির জন্য চিরস্থায়ী এক প্রবেশদ্বার
ইরানের পার্সেপোলিসে অবস্থিত ‘গেট অব অল নেশনস’ বা ‘সব জাতির প্রবেশদ্বার’ নির্মাণ করেছিলেন খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রথম জার্কসিস। এটি ছিল এমন এক সাম্রাজ্যের অভ্যর্থনাদ্বার, যে সাম্রাজ্য তার আতিথেয়তার জন্য পরিচিত ছিল। সাম্রাজ্যের নানা প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা এই প্রবেশদ্বার পেরিয়ে রাজধানীতে প্রবেশ করতেন।
এটি কোনো প্রাচীর ছিল না। ছিল একটি উন্মুক্ত পথ। বিশাল দরজার দুই পাশে পাহারায় থাকত ‘লামাসু’—মানুষের দাড়িওয়ালা মুখ ও ডানাওয়ালা ষাঁড়ের অবয়বে নির্মিত পৌরাণিক প্রাণী। অশুভ শক্তিকে দূরে রাখা এবং বহুজাতিক সাম্রাজ্যের ঐক্য রক্ষা করাই ছিল তাদের প্রতীকী ভূমিকা।
গ্রেটার ইরান গ্রিক, মঙ্গোল ও আরবদের হাতে বিজিত হয়েছে। কিন্তু দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে উপনিবেশে পরিণত হয়নি। বরং যারা আক্রমণ করে এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে তারাই পারস্যের সংস্কৃতির প্রভাবে বদলে গেছে। তাদের রাজবংশ টেকেনি, কিন্তু পারস্য সংস্কৃতির সঙ্গে তাদের যে সংমিশ্রণ ঘটেছিল, তার ছাপ আজও ইরানে রয়ে গেছে। ইতিহাসে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে: ‘পারস্য শেষ পর্যন্ত তার বিজয়ীদেরই জয় করে।’
প্রায় তিন হাজার বছর পেরিয়ে গেছে। অসংখ্য আক্রমণ, যুদ্ধ ও লুণ্ঠন এই প্রাচীন ভূখণ্ডকে ক্ষতবিক্ষত করেছে। তবু প্রবেশদ্বারটি দাঁড়িয়ে আছে। আজ যেন আরও দৃঢ়ভাবে।এই প্রবেশদ্বার একই সঙ্গে আমন্ত্রণ এবং প্রতিরোধের প্রতীক। এটি এমন এক জনগোষ্ঠীর অবিচল অবস্থানকে প্রকাশ করে, যারা নিজেদের উপনিবেশে পরিণত হতে দিতে চায় না; অথচ অন্য কোনো জনগোষ্ঠী যদি স্বাধীন ও সার্বভৌম থাকতে চায়, তাদের জন্য নিজেদের দরজাও খোলা রাখতে প্রস্তুত।
ঝড়ের আগের নিস্তব্ধতা
এপ্রিলের যুদ্ধবিরতি, যা লেখকের বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভঙ্গ করেছিল; এরপর জুলাইয়ের সমঝোতা স্মারক, যাকে ট্রাম্প উপহাস করেছিলেন; এবং তারপর সক্রিয় সংঘাতের আপাত স্তব্ধতা—এসব ঘটনার পর সময় কিছুটা এগিয়েছে। কিন্তু লেখকের মতে, ‘বর্বরতার অক্ষশক্তি’ নামে অভিহিত শক্তিগুলোর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। আপাতত তার তীব্রতা কমেছে মাত্র।
বিশ্বের বাকি অংশ যেন এক অদ্ভুত স্থবিরতার মধ্যে আটকে আছে। উদ্বেগ আর অনিশ্চয়তার অপেক্ষাকক্ষে বসে সবাই যেন চূড়ান্ত সংঘাতের মুহূর্ত গুনছে। কারণ, ইরানের ভবিষ্যতের সঙ্গে শুধু বিশ্বের বিপুল বাণিজ্যের একটি অংশ জড়িত নয়; জড়িত ভবিষ্যৎ পৃথিবীর সামগ্রিক গতিপথ এবং তার মূল্যবোধও।
এই যুদ্ধ কেবল ক্ষমতা, ভূরাজনীতি কিংবা অর্থনীতির লড়াই নয়। এর কেন্দ্রে রয়েছে সার্বভৌমত্বের প্রশ্ন। কোনো জাতির কি নিজের শর্তে বেঁচে থাকার অধিকার আছে? নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করার অধিকার কি তার রয়েছে?
ইসলামি প্রজাতন্ত্র ইরান—তার সমস্ত জটিলতা ও বৈপরীত্য সত্ত্বেও—নিজেকে এই সংগ্রামের সামনের সারিতে স্থাপন করেছে। লেখকের মতে, এর কারণ ইরান কোনো নিষ্কলুষ বা নিঃস্বার্থ শক্তি বলে নয়; বরং দেশটি উপনিবেশে পরিণত হতে অস্বীকার করেছে। শুধু বাইরের শক্তির হাতে নয়, দেশের ভেতর থেকেও নিজের স্বাধীন সত্তা হারাতে চায়নি।
ইরান লড়ছে শুধু তার সম্পদ কিংবা ভূখণ্ডের জন্য নয়; লড়ছে তার আত্মপরিচয়ের জন্যও।
এই অর্থে, লেখাটি একে একটি সভ্যতাগত যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। এখানে যে আত্মার কথা বলা হচ্ছে, তা এমন এক বিশ্বাসের প্রতীক, যার কাছে ব্যক্তিগত সম্পদ, বস্তুগত লাভ, ক্ষমতা কিংবা আধিপত্যের বাইরেও জীবনের একটি গভীরতর ও পবিত্র উদ্দেশ্য রয়েছে।
রাজনৈতিক চেতনার শিকড়
লেখকের মতে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অধিকাংশ নাগরিকের মধ্যে রয়েছে গভীর রাজনৈতিক সচেতনতা। নিজেদের দেশের ঘটনাপ্রবাহের পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলে কী ঘটছে, সে সম্পর্কেও তারা সজাগ।
এই সচেতনতার শিকড় ইরানের ইতিহাসে অনেক গভীরে প্রোথিত। ১৮৯১ সালে রাজতান্ত্রিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং ইরানের সম্পদের ওপর ব্রিটিশ প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমে তামাক, পরে তেল—ইরানের অর্থনৈতিক সম্পদের ওপর বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছিল বৃহত্তর আধিপত্যেরই অংশ।
সেই সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে একটি ধারণার জন্ম হয়েছিল—মানুষ ঐক্যবদ্ধ হলে ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে পারে।
১৯৭৯ সালে এসে এই দীর্ঘ ইতিহাস এক বিস্ফোরণমুখী পরিস্থিতিতে পৌঁছায়। ১৯০৫ থেকে ১৯১১ সালের সাংবিধানিক বিপ্লবের স্মৃতি, ১৯৫৩ সালে মোসাদ্দেক সরকারকে উৎখাত করা অভ্যুত্থানের ক্ষত, কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতা এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ—সবকিছু মিলেই তৈরি করেছিল সেই পটভূমি।
এরপর যে বিপ্লব সংঘটিত হয়, তাতে নজিরবিহীনভাবে অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ। সমাজের নানা শ্রেণির লাখো মানুষ বিক্ষোভ ও সমাবেশে যোগ দিয়ে পাহলভি শাসনের অবসান দাবি করেন।
এর মধ্য দিয়ে এমন এক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটে, যেখানে ‘জনগণ’ এবং ‘সরকার’-এর সম্পর্ক কেবল শাসিত ও শাসকের সম্পর্ক হয়ে থাকেনি। বরং সেখানে জায়গা করে নিয়েছে সক্রিয় অংশগ্রহণ—কখনো সহযোগিতা, কখনো বিরোধিতা, কখনো তীব্র বিতর্কের মধ্য দিয়ে। এই রাজনৈতিক চেতনা এক দিনে তৈরি হয়নি। শতাব্দীর পর শতাব্দী ধরে তার ভিত গড়ে উঠেছিল। ১৯৭৯ সালের বিপ্লব সেই চেতনাকে আরও সুস্পষ্ট রূপ দেয়।
যে বিপ্লব নিজেই নিজের পথ খুঁজে নেয়
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি চেয়েছিলেন, ইরানের বিপ্লব অন্য দেশেও ছড়িয়ে পড়ুক। তবে তিনি এর ধর্মীয় কাঠামো অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার কথা বলেননি; বরং গুরুত্ব দিয়েছিলেন এর সর্বজনীন চেতনার ওপর।
এই বিপ্লবের মূল ধারণা ছিল একটি নীতি: নিপীড়িত মানুষ নিজেদের নিপীড়কদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর সার্বভৌমত্বের মালিক কোনো সাম্রাজ্য নয়—জনগণ।
একই সঙ্গে খোমেনি বলেছিলেন—
‘বিপ্লব এমন কোনো পণ্য নয়, যা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিংবা অন্য কোনো দেশে রপ্তানি করা যায়। কোনো বিপ্লব যদি সঠিক ও যুক্তিসংগত হয় এবং মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, তবে তা নিজেই ছড়িয়ে পড়বে। তাকে ছড়িয়ে দেওয়ার জন্য কারও আলাদা উদ্যোগের প্রয়োজন হবে না।’
ইরানের সংবিধানের ১৫৪ নম্বর অনুচ্ছেদেও বিপ্লবের এই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির উল্লেখ রয়েছে। সেখানে সামরিক হস্তক্ষেপ কিংবা অন্য দেশের ওপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়ার কথা বলা হয়নি। বরং নিপীড়িত মানুষের—যাদের ‘মুস্তাজাফান’ বলা হয়—পাশে দাঁড়ানো এবং মুক্তি আন্দোলনগুলোকে সমর্থন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও স্পষ্ট করা হয়েছে।
১৯৭৯ সালের এপ্রিলে বিপ্লবের বিজয়ের পর ফিদেল কাস্ত্রো খোমেনিকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘শুধু কিউবার জনগণ নয়, বিশ্বের সব বিপ্লবী এই দিনটি উদ্যাপন করছে।’
খোমেনি কৃতজ্ঞতার সঙ্গে সেই বার্তার জবাব দেন। দুই বিপ্লবের মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে একটি অভিন্ন সাম্রাজ্যবাদবিরোধী চেতনা খুঁজে পেয়েছিল। দুটি জাতি, যারা উপনিবেশে পরিণত হতে অস্বীকার করেছিল, একে অপরের মধ্যে সেই প্রত্যাখ্যানের প্রতিধ্বনি শুনতে পেয়েছিল।
এই দৃষ্টিভঙ্গিতে বিপ্লবের সারবস্তু ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের মুক্তির প্রশ্নের সঙ্গে যুক্ত। ১৯৭৯ সালে কিউবার একটি প্রতিনিধিদল কোম শহরে গেলে খোমেনি ‘মানবপ্রকৃতি’ বা ‘ফিতরাতে ইনসানিয়াত’-এর কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল—
‘এই আন্দোলন যেহেতু মানবিক এবং সমগ্র মানবতার জন্য, তাই যারা নিজেদের মানবিক স্বভাব অক্ষুণ্ন রেখেছে, তাদের সবারই এই আন্দোলনকে সমর্থন করা উচিত।’
পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীনতার বার্তা আফ্রিকার দেশগুলোর মধ্যেও সাড়া ফেলেছিল বলে লেখক উল্লেখ করেছেন। ঔপনিবেশিক ও নব্য-ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে লড়াইরত দেশগুলো ইরানের দীর্ঘস্থায়ী প্রতিরোধ, আত্মনির্ভরতার ধারণা এবং কৌশলগত অংশীদারত্বের নীতি থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে তাঁর দাবি।
তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট আলি হাসান মুইনির ভাষায়, এই বিপ্লব ‘আফ্রিকাকে ঔপনিবেশিকতা থেকে মুক্ত করার সংগ্রাম এবং নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে নিজেদের শক্তি নিয়োজিত করেছে।’
এই দৃষ্টিকোণ থেকে দেখলে, খোমেনির কল্পনায় বিপ্লব ছিল কেবল একটি দেশের রাজনৈতিক পরিবর্তন নয়। এর মধ্যে নিহিত ছিল নিপীড়িত মানুষের আন্তর্জাতিক সংহতির একটি সম্ভাবনা—যা কোনো একটি সীমান্তে থেমে থাকবে না। একে লেখক ‘বৈশ্বিক প্রতিরোধের অক্ষ’ হিসেবে বর্ণনা করেছেন।
সেই নকশা কখনো সম্পূর্ণ হয়নি। এখনো তার রেখা আঁকা হচ্ছে।
সার্বভৌম জনগণের বৈশ্বিক মোজাইকের দিকে
খোমেনির নিপীড়িত মানুষের সংহতির ধারণা থেকেই মূল ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধের অক্ষের জন্ম। পশ্চিম এশিয়ার লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ার বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক শক্তির মধ্যে গড়ে ওঠা এটি ছিল একটি অনানুষ্ঠানিক জোট। এর লক্ষ্য ছিল ঔপনিবেশিক সম্প্রসারণ এবং ওই অঞ্চলে ইসরায়েলি ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
কিন্তু ঔপনিবেশিক নিপীড়ন কিংবা যুদ্ধাপরাধ শুধু পশ্চিম এশিয়ার সমস্যা নয়। পৃথিবীর বৃহত্তর অ-পশ্চিমা অংশও বিভিন্নভাবে এর শিকার। আর লেখকের মতে, এক মরিয়া আধিপত্যবাদী শক্তি গোটা পৃথিবীকে বিপদের কিনারায় ঠেলে দিচ্ছে। এই যুদ্ধ ইরানের একার পক্ষে লড়া সম্ভব নয়। বিপ্লবের মূল চেতনা যদি স্বাধীনতা, আত্মনির্ভরতা ও মর্যাদার সন্ধানে থাকা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছাতে হয়, তবে প্রতিরোধের অক্ষকেও বৈশ্বিক হয়ে উঠতে হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় এটি যেন আরেকটি সাম্রাজ্যে পরিণত না হয়। কারণ, সাম্রাজ্য চায় গোটা পৃথিবীকে এক ছাঁচে ঢালতে। অথচ একটি বৈশ্বিক প্রতিরোধের জোটের কাজ হওয়া উচিত পৃথিবীকে বহুরূপী থাকতে দেওয়া—তার বৈচিত্র্য রক্ষা করা।
এটি কোনো একক রাজনৈতিক ব্লক নয়, বরং একটি মোজাইক হওয়া দরকার। মোজাইকের প্রতিটি খণ্ড আলাদা। তারা নিজেদের স্বাতন্ত্র্য হারায় না, একে অন্যের মধ্যে বিলীনও হয় না। প্রত্যেকে নিজের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী কাজ করে, অথচ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর একটি অভিন্ন অঙ্গীকারে যুক্ত থাকে। এমন একটি পৃথিবীর জন্য দরকার একটি প্রবেশদ্বার—যে দরজা এই বহুরূপী মোজাইকের জন্য উন্মুক্ত থাকবে। হয়তো সেই দরজা হতে পারে একটি নতুন, আরও ন্যায়সংগত জাতিসংঘের প্রতীক; এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা সত্যিকার অর্থে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে।

প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে কারা?
কিন্তু প্রশ্ন থেকে যায়— প্রবেশদ্বারটি যাতে দাঁড়িয়ে থাকে, তা নিশ্চিত করছে কারা?
শুধু সেনাবাহিনী নয়। শুধু নিরাপত্তা বাহিনী কিংবা সরকারি প্রশাসনও নয়। লেখকের মতে, এর প্রকৃত রক্ষক দেশটির সাধারণ মানুষ।
ইউরো-আটলান্টিকপন্থী একটি ক্ষুদ্র অংশ বাদ দিলে—যারা সব সময় নিজেদের দেশের চেয়ে সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে থেকেছে—ইরানের জনগণ উপনিবেশে পরিণত হতে, অপমানিত হতে কিংবা নিজেদের মর্যাদা হারাতে রাজি নয়। আর এই অবস্থানের সঙ্গে তারা নিজেদের একটি দায়িত্বও জড়িত বলে মনে করে: প্রয়োজনে নিজেদেরই সক্রিয় হতে হবে।
লেখক প্রশ্ন তুলেছেন, পৃথিবীর আর কোথায় নাগরিকেরা প্রতি রাতে রাস্তায় জড়ো হন সরকারের কাছে দাবি জানাতে নয়, বরং সরকারের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করতে? আর কোথায় একজন নেতা নিজেকে জনগণের ‘বিনম্র সেবক’ বলে পরিচয় দিয়েছেন?
লেখাটির দাবি অনুযায়ী, প্রায় ২৫০ রাত ধরে ইরানের মানুষ দেশের ওপর চালানো আগ্রাসনের বিরুদ্ধে বিপ্লবের নেতা ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন। সাম্প্রতিক রাতগুলোতে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নতুন নির্দেশনাকে ঘিরেও তারা আনন্দ প্রকাশ করেছেন। সেই নির্দেশনায় বলা হয়েছে, শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইরান নিজেকে ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ রাখবে না। লেখকের ভাষ্য অনুযায়ী, জনগণ দীর্ঘদিন ধরেই এমন অবস্থান দাবি করে আসছিল।
তেহরানের রাস্তায় মানুষ অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ মারান্দির কাছে নানা প্রশ্ন নিয়ে এগিয়ে আসেন—
‘আমাদের পারমাণবিক অস্ত্র নেই কেন?’
‘আমরা নিজেরাই যুদ্ধ শুরু করি না কেন? শত্রুর আক্রমণের জন্য অপেক্ষা করতে হবে কেন?’
এই প্রশ্নগুলো নিছক কথার কথা নয়। লেখকের ব্যাখ্যায়, এগুলো এমন এক জনগোষ্ঠীর কণ্ঠস্বর, যারা মনে করে দীর্ঘদিনের এই সংকটের অবসান ঘটাতে কোনো মূল্যই খুব বেশি নয়। রাতের এই সমাবেশগুলো এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে বলে লেখক দাবি করেছেন। তার মতে, রাস্তাঘাট সেখানে কেবল চলাচলের স্থান নয়; হয়ে উঠেছে নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রকাশের একটি স্বাভাবিক ক্ষেত্র। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই সমাবেশ থামবে না—এমন প্রত্যয়ও প্রকাশ করা হয়েছে। তাদের কথায়, ‘প্রয়োজন হলে ২৫০ বছর ধরে তারা রাস্তায় থাকবেন।’
এই মানুষগুলো শুধু নিজেদের অধিকার কিংবা দেশের নিরাপত্তা দাবি করছেন না; লেখকের বক্তব্য অনুযায়ী, তারা দেশের প্রতিরক্ষায় সরাসরি অংশও নিচ্ছেন। তার উল্লেখ করা তথ্য অনুসারে, ‘জানাম ফাদায়ে ইরান’—অর্থাৎ ‘আমার জীবন ইরানের জন্য’—নামে দেশব্যাপী জনসাধারণের প্রতিরক্ষা উদ্যোগে ৩ কোটি ১০ লাখের বেশি বেসামরিক মানুষ নাম নিবন্ধন করেছেন। প্রবাসে বসবাসরত কিছু ইরানিও এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বিদেশ থেকে কীভাবে নিবন্ধন করা যায়, তা জানতে চেয়েছেন।
লেখকের চোখে, এ এমন এক জনগোষ্ঠী, যারা গত ৫০ বছর ধরে নানা হুমকির মুখে থেকেও ভীত হয়ে পড়েনি।
৪ নভেম্বর ইরানজুড়ে অনুষ্ঠিত হয় ব্যাপক জনসমাবেশ। বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংগ্রাম দিবস উপলক্ষে আয়োজিত এসব সমাবেশ থেকে জনতা যে বার্তা দিয়েছে, তা একটি বাক্যে প্রকাশিত হয়েছে:
‘প্রতিরোধ কোনো বিকল্প নয়; এটি আত্মিক, নৈতিক ও মানবিক দায়িত্ব।’
এই প্রবেশদ্বার শেষ পর্যন্ত রক্ষা করবেন তারাই, যারা বোঝেন—সার্বভৌমত্ব ওপর থেকে দেওয়া কোনো উপহার নয়। এটি একটি অঙ্গীকার। এমন এক অঙ্গীকার, যার সামনে মানুষ নিজের অহংকার নত করে; যে অঙ্গীকারের কাছে মাথা নত করা মানে আত্মসমর্পণ নয়, বরং নিজের স্বাধীন সত্তার প্রতি দায়বদ্ধ থাকা।
প্রায় তিন হাজার বছর ধরে পার্সেপোলিসের সেই প্রবেশদ্বার দাঁড়িয়ে আছে। তার স্থাপত্যে একদিকে রয়েছে অভ্যর্থনার আহ্বান, অন্যদিকে আত্মরক্ষার দৃঢ়তা। দরজাটি বন্ধ নয়, আবার যে কেউ এসে তাকে নিজের মতো করে বদলে দেবে—এমনও নয়। হয়তো এই দুই বৈশিষ্ট্যের মাঝখানেই লুকিয়ে আছে তার দীর্ঘস্থায়িত্বের রহস্য: নিজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখে অন্যের জন্য উন্মুক্ত থাকা। একটি পৃথিবীকে একরকম করে তোলার বদলে বহু পৃথিবীর সহাবস্থান নিশ্চিত করা।
একটি প্রবেশদ্বার, যার ওপারে একক কোনো সাম্রাজ্য নয়—অপেক্ষা করছে বহুস্বরের এক বৈশ্বিক মোজাইক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








