রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ আদেশ জারির পর থেকেই মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন কার্যকর হয়েছে।
এদিকে নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








