পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে ভয়াবহ হামলায় নিহতদের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত বজায় থাকবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার।
তিনি বলেন, রমজানের সমাপ্তি উপলক্ষে সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে যে, এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের আন্তঃসীমান্ত ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, তবে তারা পুনরায় পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করতে দ্বিধা করবে না।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
একসময় মিত্র থাকলেও সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কের অবনতি হয়েছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমলেও গত মাসে আবারও সংঘাত তীব্র আকার ধারণ করে, যখন পাকিস্তান সরাসরি আফগান তালেবানকে লক্ষ্য করে হামলা শুরু করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









